আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে।
এদিকে, শীতের প্রভাব পড়তে শুরু করেছে জনস্বাস্থ্যেও। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় বহির্বিভাগে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও রোটা ভাইরাসজনিত ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছেন অনেকে।
অন্যদিকে, শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে মৌসুমি খেজুর গাছিদের। ইতোমধ্যে গাছ পরিষ্কার ও নল বসানোর কাজ শুরু করেছেন তারা। কয়েক দিনের মধ্যেই গাছ থেকে রস সংগ্রহ শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এরপর বাজারে আসবে টাটকা খেজুরের রস ও গুড়।
তবে শীতের এই সময়ে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই ভোরে কাজে বের হতে হচ্ছে রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুরদের। শীতের কারণে যাত্রী ও কাজের সুযোগ কমে যাওয়ায় কমছে তাদের আয়ও।
সব মিলিয়ে চুয়াডাঙ্গায় শীতের আগমনী বার্তা এখন বেশ স্পষ্ট। তাপমাত্রা আরও কমলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন