ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বিশ্বকাপ জয়ের দৌড়ে কোনো দলকে একক ফেভারিট মানতে নারাজ ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, এবারের বিশ্বকাপ অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং বেশ কয়েকটি দলেরই শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। তবে ব্রাজিলও ট্রফি জয়ের জন্য সর্বোচ্চ লড়াই করবে বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।
মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ব্রাজিল বিশ্বের যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সামর্থ্য রাখে। দলটির টেকনিক্যাল দক্ষতা, অভিজ্ঞতা এবং মানসিক শক্তির ওপর পূর্ণ আস্থা রয়েছে তার।
মরক্কোকে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ভয় সবসময় খারাপ কিছু নয়। বরং প্রতিপক্ষকে সম্মান করা এবং তাদের শক্তি সম্পর্কে সচেতন থাকাই একটি দলকে আরও প্রস্তুত হতে সাহায্য করে। তার বিশ্বাস, মরক্কোর বিপক্ষে কঠিন লড়াই হলেও ব্রাজিল ম্যাচটির জন্য পুরোপুরি প্রস্তুত।
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর নিজের ভূমিকা নিয়ে আনচেলত্তি বলেন, ব্রাজিলের মতো একটি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি গর্বিত। দলকে সফল করতে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ইনজুরির কারণে ওয়েসলিকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে দুঃখজনক উল্লেখ করে আনচেলত্তি বলেন, খেলোয়াড়টির চোট গুরুতর হওয়ায় বিকল্প হিসেবে এদেরসনকে দলে নেওয়া হয়েছে। এতে মিডফিল্ড আরও শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি।
ব্রাজিলের শিরোপা সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, চ্যাম্পিয়ন হবে কি না, তা আগে থেকে বলা সম্ভব নয়। তবে ব্রাজিল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে এবং ট্রফির জন্য শেষ পর্যন্ত লড়াই করবে।
মরক্কোকে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল উল্লেখ করে তিনি বলেন, তাদের বিপক্ষে জিততে হলে ব্রাজিলকে রক্ষণ, আক্রমণ এবং ট্রানজিশন—সব বিভাগেই নিখুঁত ফুটবল খেলতে হবে।
স্পেনকে একমাত্র ফেভারিট হিসেবে দেখার প্রবণতার সঙ্গেও দ্বিমত পোষণ করেন আনচেলত্তি। তার মতে, স্পেন অবশ্যই অন্যতম শক্তিশালী দল, তবে তারাই একমাত্র ফেভারিট নয়। এবারের বিশ্বকাপে অনেক দলেরই ট্রফি জয়ের বাস্তব সম্ভাবনা রয়েছে।