https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
নাঈম হাসান জানান, ঢাকা থেকে ফ্লাইট বিলম্বের কারণে তিনি বিমানবন্দর থেকে সিএনজিযোগে বাসায় ফিরছিলেন। পথে লালখানবাজার এলাকায় একটি গাড়ি তার সিএনজি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করে।
তার অভিযোগ, সাদা পোশাকে থাকা এক ব্যক্তি ও দুইজন পুলিশ সদস্য নিজেদের ডিবি পরিচয়ে তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। নাঈম বলেন, নিজের পরিচয় দেওয়ার পরও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
তিনি আরও দাবি করেন, এক পর্যায়ে তাকে জোর করে পুলিশের গাড়িতে তোলা হয় এবং গলা চেপে ধরে বলা হয়, তুই আসামি, কথা বলবি না।
প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন এই ক্রিকেটার। ঘটনার পর তাকে খুলশি থানায় নেওয়া হয় বলে জানান নাঈম। পরে তিনি একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।
নাঈম বলেন, ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত থাকলেও তাকে মারধর থেকে রক্ষা করা হয়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাঈমের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।