ঢাকা
২৭ আগস্ট ২০২৬

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ জুন ২০২৬   ৩৬ বার পঠিত
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২

ছবি: -সংগৃহীত

গত মে মাসে সারাদেশে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং ১,৬৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার (১৩ জুন) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই পরিসংখ্যান পাওয়া গেছে। সংগঠনটির মতে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক দুর্ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ পায় না।

পরিসংখ্যানে আরও বলা হয়, মে মাসে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১,৬৯৬ জন আহত হয়েছেন। এর মধ্যে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হন। নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং ৭ জন নিখোঁজ রয়েছেন।

সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে মোটরসাইকেল সংশ্লিষ্ট, যা মোট দুর্ঘটনার প্রায় ৩৬ শতাংশের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৮০টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত এবং ৫৫৮ জন আহত হন। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়, জাতীয় মহাসড়কে ধীরগতির ও ব্যাটারিচালিত যান চলাচল, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, উল্টোপথে চলাচল, অবকাঠামোগত দুর্বলতা এবং ট্রাফিক আইন অমান্য করা—এসব কারণ দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

সংগঠনটি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক গণপরিবহন ব্যবস্থা, চালকদের প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা এবং ফিটনেস নিয়ন্ত্রণ জোরদারের সুপারিশ করেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031