https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে পাঠানো হয়। এ সময় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র অসন্তোষ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন এবং বিষয়টি নিয়ে বাংলাদেশের উদ্বেগ ও অসন্তোষ তুলে ধরেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো ঘটনা পর্যালোচনা করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও জানান, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।
জানা গেছে, দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান জাহেদ উর রহমান। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
বাংলাদেশ হাইকমিশন বৈঠকে তার অংশগ্রহণের বিষয়টি আগেই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়নি।
পরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও জাহেদ উর রহমান তা গ্রহণ না করে প্রতিবাদস্বরূপ ভারতে না ঢোকার সিদ্ধান্ত নেন। এরপর তিনি কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। সোমবার দুপুরে তিনি দেশে পৌঁছান।
ঘটনাটি দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।