নয়াদিল্লি বিমানবন্দর থেকে ভারতে প্রবেশ না করেই দেশে ফিরে আসার সিদ্ধান্তকে ‘তাৎক্ষণিক প্রতিবাদ’ হিসেবে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি ব্যক্তি হিসেবে নয়, সরকারের প্রতিনিধি হিসেবে ওই সফরে গিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্ব ও পরিস্থিতির কারণে তিনি ভারতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। রোববার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছানোর পর ইমিগ্রেশন প্রক্রিয়ায় সময়ক্ষেপণ হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন।
উপদেষ্টা আরও বলেন, ঘটনাটিকে তিনি রাষ্ট্রীয় অবস্থান থেকে নেওয়া একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন এবং এটি কোনো ধরনের দ্বিপক্ষীয় উত্তেজনা তৈরির উদ্দেশ্যে করা হয়নি। তার মতে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে পরিচালিত হয় এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা হয়।
কূটনৈতিক পাসপোর্ট প্রসঙ্গে তিনি জানান, এটি মূল কারণ ছিল না এবং সার্ক স্টিকার থাকার কারণে সাধারণ পাসপোর্টেও কূটনৈতিক সুবিধার মতো কার্যকারিতা রয়েছে। তিনি আরও বলেন, পুরো সময় বাংলাদেশ হাইকমিশনার তার পাশে ছিলেন এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করেছেন।
ঘটনাটি বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কোনো দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে না বলে তিনি আশা প্রকাশ করেন এবং বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন।

মন্তব্য করুন