https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আগামী ছয় মাসের মধ্যে দেশের পাঁচটি বিভাগে নতুন করে পাঁচটি ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় এসব হাসপাতাল স্থাপন করা হচ্ছে।
সরকারি সূত্রে জানা গেছে, বরিশাল ও খুলনা বিভাগের দুটি হাসপাতাল আগামী আগস্টের প্রথম দিকেই চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রতিটি হাসপাতালে থাকবে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ।
হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সব হাসপাতালের কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।
প্রতিটি হাসপাতাল পরিচালনায় ১ হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাসপাতালগুলো দ্রুত চালুর কাজ চলছে। তিনি বলেন, এসব হাসপাতালে আধুনিক আইসিইউ, ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে ও ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকবে।
তিনি আরও জানান, বরিশাল শিশু হাসপাতালটি আগস্টের শুরুতে উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং প্রথম ধাপে জরুরি বিভাগের কার্যক্রম চালু করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতের অব্যবহৃত শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরিদর্শন ও প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খুলনা, কুমিল্লা ও রাজশাহীসহ অন্যান্য হাসপাতালেও পর্যায়ক্রমে কার্যক্রম চালুর কাজ চলছে। রংপুরে দীর্ঘদিন ধরে অব্যবহৃত একটি শিশু হাসপাতালও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজশাহী শিশু হাসপাতালে প্রথম ধাপে আউটডোর সেবা চালু করা হবে এবং পরবর্তী অর্থবছরে ধাপে ধাপে পূর্ণাঙ্গ সেবা সম্প্রসারণ করা হবে।
সরকারের এই উদ্যোগকে শিশু স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।