https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
রোববার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ আরও বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় জুলাই সনদ, গণভোট, বিভিন্ন অধ্যাদেশ, প্রস্তাবিত জাতীয় বাজেট, কর কাঠামো সংস্কার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়ও গুরুত্ব পায়। এছাড়া বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎটি বাংলাদেশ ও সুইডেনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।