বাংলাদেশে গণতন্ত্রকে আরও কার্যকর ও অর্থবহ করতে এবং স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তারা এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিভাগের প্রথম সচিব সেবাস্টিন রিগার ব্রাউনও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করা, চলমান সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়।
এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও উভয়পক্ষ গুরুত্বারোপ করে।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।