https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের শুরু থেকেই রেকর্ড, চমক আর তারকাদের পারফরম্যান্সে জমে উঠেছে ফুটবলের মহারণ। ইতোমধ্যে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে এখনও মাঠে নামা হয়নি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের। ফলে বিশ্বমঞ্চে এবার নজর তার দিকেই।
বিশ্বকাপের সবচেয়ে আলোচিত পাঁচ তারকার মধ্যে চারজনই ইতোমধ্যে মাঠে নেমে গোল করেছেন। মেসি, রোনালদো, এমবাপে ও হালান্ড নিজ নিজ দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে মঙ্গলবারের ম্যাচগুলোতে চার তারকাই জোড়া গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের জয়ে ৪০ বছর বয়সী রোনালদোর জোড়া গোল যেমন নতুন করে প্রশংসা কুড়িয়েছে, তেমনি অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন মেসি। তার বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৮।
এদিকে গোল্ডেন বুটের লড়াইয়েও জমে উঠেছে প্রতিযোগিতা। মেসির ঝুলিতে রয়েছে ৫ গোল, আর এমবাপে ও হালান্ড করেছেন ৪টি করে গোল।
তবে ব্রাজিলিয়ান সমর্থকদের নজর এখন নেইমারের দিকে। বিশ্বকাপ দলে তার অন্তর্ভুক্তি নিয়েই ছিল ব্যাপক আলোচনা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি শেষ পর্যন্ত অভিজ্ঞ এই তারকাকে দলে রাখলেও প্রথম দুই ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি।
ব্রাজিলের গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামীকাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। হাইতির বিপক্ষে ম্যাচের পর আনচেলত্তি ইঙ্গিত দিয়েছিলেন, স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে মাঠে দেখা যেতে পারে।