আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকেই এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়া হবে।
তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমবে এবং শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে, যাতে শিক্ষাব্যবস্থায় সময় ব্যবস্থাপনা আরও কার্যকর করা যায়।