https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে জলাবদ্ধতা-প্রবণ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে সমস্যা নিরূপণ এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার আগ্রাবাদ চৌমুহনী এলাকায় অবস্থিত চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন মেয়র। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাম্প্রতিক ভারী বৃষ্টির ফলে জলাবদ্ধতার কারণ অনুসন্ধান করেন তিনি।
পরিদর্শন শেষে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে ওই এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন এবং দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন মেয়র।
ডা. শাহাদাত হোসেন বলেন, নাগরিকদের সহযোগিতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই তিনি সবাইকে ড্রেন, নালা ও খালে কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানান।
তিনি আরও জানান, দেওয়ানহাট-আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা নিরসনে নাসির খাল ছড়া ও লালমিয়া খাল ছড়াসহ গুরুত্বপূর্ণ জলপ্রবাহগুলো দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব খাল ও ছড়ার স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের পাশাপাশি সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, নারী নেত্রী ফাতেমা বাদশা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।