ঢাকা
১৬ আগস্ট ২০২৬

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয় : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ২৩ বার পঠিত
আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয় : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: -সংগৃহীত

আইনি ভিত্তি ও রাজনৈতিক ঐকমত্য ছাড়া কোনো গণভোট আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ’-এর ভিত্তিতে গণভোট আয়োজনের কোনো আইনগত বৈধতা নেই।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া যেতে পারে, তবে সেটি অবশ্যই সুস্পষ্ট আইনগত ভিত্তির ওপর হতে হবে। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনে তিনিই প্রথম জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের প্রস্তাব দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল আইনগত কাঠামোর মাধ্যমে জনগণের মতামত যাচাই করা। কিন্তু পরবর্তীতে অন্যরা সেই অবস্থান থেকে সরে এসেছে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা ছাড়াই যমুনা ভবনে বসে একটি আদেশ জারি করা হয়েছে, যার ভিত্তিতে গণভোটের কথা বলা হচ্ছে। তার ভাষায়, এ ধরনের সিদ্ধান্ত আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, যে আদেশের ভিত্তিতে গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে, তা আইনগতভাবে শুরু থেকেই বাতিল (ভয়েড অ্যাব ইনিশিও)। কারণ, এমন আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতির ছিল না এবং বর্তমানে নেই বলেও তিনি দাবি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভবিষ্যতে কোনো ধরনের স্বৈরতন্ত্র বা সংসদীয় একনায়কতন্ত্রের পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার করতে চায়।

তিনি অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় সহযোগিতা না করে বিরোধী দল সংবিধান সংস্কার কমিটি থেকে ওয়াকআউট করেছে। একই সঙ্গে বিরোধী দলকে সংসদে তাদের জন্য নির্ধারিত আসনে ফিরে এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031