ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিনের মন্দ ও চরম খেলাপি ঋণ নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে বিশেষ এককালীন এক্সিট সুবিধা, যার আওতায় পুরো মূল ঋণ একবারে পরিশোধ করলে গ্রাহকরা আংশিক বা সম্পূর্ণ সুদ মওকুফের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ ‘অনাদায়ি ঋণ আদায় বা সমন্বয়ে বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা’ শীর্ষক একটি সার্কুলার জারি করে।

নীতিমালায় বলা হয়েছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক ব্যবসায়ী ও উদ্যোক্তা অনিচ্ছাকৃতভাবে আর্থিক সংকটে পড়েছেন। ফলে অনেক ঋণ দীর্ঘদিন ধরে অনাদায়ি অবস্থায় রয়েছে। যেসব গ্রাহক এককালীন অর্থ পরিশোধ করে দায়মুক্ত হতে চান, তাদের জন্যই এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে।

এ সুবিধা পেতে গ্রাহককে একবারে পুরো মূল ঋণ পরিশোধ করে ঋণ হিসাব বন্ধ করতে হবে। তবে কোনো অবস্থাতেই মূল ঋণ মওকুফ করা যাবে না। প্রয়োজন অনুযায়ী কেবল জমে থাকা সুদের পুরোটা বা একটি অংশ মওকুফ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বড় অঙ্কের সুদ মওকুফের ক্ষেত্রে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের অডিট ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বিভাগের অনুমোদন নিতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।

তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। ঋণের অর্থ পাচার, জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে ঋণ নেওয়া গ্রাহকরা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন না।

গত ৬ আগস্ট ২০২৪ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত যেসব মন্দ ঋণ পুনঃতফসিল করা হয়েছে, সেসব গ্রাহকও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই এককালীন এক্সিট সুবিধা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে স্বল্পমেয়াদি কৃষি ঋণ এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিতে হবে।

নতুন ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর আওতায় জারি করা এ নির্দেশনা ইতোমধ্যে কার্যকর হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিজ উদ্যোগে যোগ্য ঋণগ্রহীতাদের সঙ্গে যোগাযোগ করে এ সুযোগ সম্পর্কে জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিশেষ এক্সিট সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর আর এ সুযোগ পাওয়া যাবে না।