https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই শুধু দুই দলের নয়, এটি দুই কোচেরও বিশেষ দ্বৈরথ। এক সময়ের শিক্ষক লুইস দে লা ফুয়েন্তে ও তার ছাত্র লিওনেল স্কালোনি এবার ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি হচ্ছেন।
২০১৭ সালে কোচিং ক্যারিয়ার শুরু করার সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লা রোজাসে প্রশিক্ষণ নেন স্কালোনি। সেই সময় স্পেনের যুব দলের কোচ ছিলেন দে লা ফুয়েন্তে। কোচিং কোর্সে স্কালোনির একজন শিক্ষক ছিলেন তিনি। সেই সম্পর্ক থেকেই দুজনের মধ্যে তৈরি হয় পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা।
দে লা ফুয়েন্তে এর আগে স্কালোনিকে ‘মায়েস্ত্রো’ বলে প্রশংসা করেছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতানোর জন্য নিজের সাবেক ছাত্রের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। অন্যদিকে স্কালোনিও প্রকাশ্যে তার শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্পেনের সঙ্গে স্কালোনির সম্পর্ক শুধু কোচিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। খেলোয়াড়ি জীবনে তিনি স্পেনের কয়েকটি ক্লাবে খেলেছেন। তার স্ত্রী স্প্যানিশ এবং সন্তানদের জন্মও স্পেনে। দীর্ঘদিন দেশটির সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে।
বিশ্বকাপ ফাইনালে এসব সম্পর্কের ঊর্ধ্বে থাকবে শিরোপার লড়াই। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা জেতানোর লক্ষ্য স্কালোনির, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে বিশ্বসেরা করার স্বপ্ন দে লা ফুয়েন্তের। শেষ হাসি কে হাসবেন—গুরু নাকি শিষ্য, তার উত্তর মিলবে ফাইনালের মাঠেই।