দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব এবার ধারণ করা হয়েছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। মেঘনাবেষ্টিত এই জেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরে শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধারণকাজ।

অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ধারণ শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ অনুষ্ঠান উপভোগ করতে ছুটে আসেন। অতিরিক্ত দর্শকের কারণে অনেকেই ভবনের ছাদ, দেয়াল ও গাছের ডালে অবস্থান নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। একটি পরিবেশন করেছেন লক্ষ্মীপুরের তানজিনা রুমা ও ফেনীর সাজিয়া সুলতানা পুতুল। এছাড়া জেলা পরিচিতিমূলক নৃত্যগীতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় গানটি সাজানো হয়েছে আকর্ষণীয় কোরিওগ্রাফিতে।

অনুষ্ঠানের দর্শকপর্বে নির্বাচিত চারজন দর্শকের মধ্যে দুজন জনপ্রিয় অভিনেত্রী ও লক্ষ্মীপুরের কৃতী সন্তান দিলারা জামানের সঙ্গে অভিনয়ে অংশ নেন।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের সাক্ষাৎকার। তিনি এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা এবং ‘ইত্যাদি’ নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন।

এছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, সয়াবিন চাষ, শিক্ষা উদ্যোগ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক মাঝির জীবনসংগ্রাম নিয়ে একাধিক তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন থাকছে অনুষ্ঠানে।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’র এ পর্বটি আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।