অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ‘ওহ মাই ডগ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে এসে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছেন। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা প্রশিক্ষিত কুকুরটি হঠাৎ তার পোশাক কামড়ে ধরলে মুহূর্তটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৭ আগস্ট) সিনেমাটির মুক্তির আগে আয়োজিত বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন রাভিনা। এর আগে তিনি ওই কুকুরটির সঙ্গে ফটোশুটও করেন। তবে ছবি তোলার পরপরই কুকুরটি আচমকা তার দিকে ছুটে এসে জামার হাতা কামড়ে ধরে এবং ঘেউ ঘেউ করতে থাকে।
পরিস্থিতিতে বিচলিত না হয়ে রাভিনা শান্তভাবে কুকুরটির কাছে গিয়ে তাকে আদর করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তার এই ধৈর্য ও প্রাণীর প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন অনেকে।
সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেন, ভিড় ও অপরিচিত পরিবেশে কুকুরটি হয়তো ভয় পেয়েছিল। রাভিনা যেভাবে শান্তভাবে পরিস্থিতি সামলেছেন, তা একজন প্রকৃত প্রাণিপ্রেমীর পরিচয় বহন করে।
অমিত রাই পরিচালিত ‘ওহ মাই ডগ’ সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়ের পাশাপাশি একটি সাহসী সারমেয়কে ঘিরেই এগিয়েছে গল্প। কুকুর নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিনেমার এই চরিত্র।