https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ মুক্তির আগেই নতুন রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে। নিতেশ তিওয়ারি পরিচালিত এই পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমাটি বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক পর্দায় মুক্তির পরিকল্পনা করছে নির্মাতা প্রতিষ্ঠান।
বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৫৯ হাজারের বেশি পর্দায় সিনেমাটি মুক্তি দেওয়া হতে পারে। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা সনি পিকচার্স ভারতের বাইরে ৫০ হাজারের বেশি পর্দায় ছবিটি প্রদর্শনের পরিকল্পনা করছে। পাশাপাশি আইম্যাক্সসহ বিভিন্ন উন্নত প্রযুক্তির পর্দাতেও দেখা যাবে সিনেমাটি।
ভারতের অভ্যন্তরীণ বাজারে প্রায় ৯ হাজার পর্দায় মুক্তির লক্ষ্য রয়েছে বলে জানা গেছে। এটি বাস্তবায়িত হলে ‘পুষ্পা: দ্য রুল’ ও ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের ভারতীয় সিনেমার মুক্তির রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে।
স্ক্রিন সংখ্যার দিক থেকে ‘রামায়ণ: পার্ট ওয়ান’ হলিউডের আলোচিত সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-কেও পেছনে ফেলতে পারে। সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৫২ হাজার পর্দায় মুক্তি পেয়েছিল।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই বিশাল প্রকল্পে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা ইয়াশ। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও হলিউডের বিখ্যাত সংগীতস্রষ্টা হ্যানস জিমার।
সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ৬ নভেম্বর দীপাবলির আগে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। এর দ্বিতীয় কিস্তি মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সালের দীপাবলি।