https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এ সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর লং মার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পূর্বনির্ধারিত কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। কাচপুর ব্রিজের কাছে ট্রাক স্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরেরসরাইয়ে এসব পথসভা হবে। এরপর চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে এ লং মার্চ কর্মসূচি পালন করা হবে।