https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আগামী ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
মেলায় দেশ-বিদেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, এয়ারলাইন্সসহ বিভিন্ন অংশীজন অংশ নেবেন।
মেলার আয়োজন ও প্রস্তুতি নিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করেছে টোয়াব। এতে বিটিটিএফ ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা, সময়সূচি, নিশ্চিত ও সম্ভাব্য অংশগ্রহণকারী, অতিথি, স্পনসর এবং অংশগ্রহণের সুযোগ তুলে ধরা হবে।
অনুষ্ঠানে টোয়াবের পরিচালনা পর্ষদের সদস্য, বিটিটিএফ আয়োজক কমিটির সদস্য, পর্যটন খাতের অংশীজন, স্পনসর, অংশীদার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ।
আয়োজকদের মতে, বিটিটিএফ ২০২৬ বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মেলার মাধ্যমে দেশের পর্যটন গন্তব্য, সেবা ও সুযোগ-সুবিধা বিদেশি পর্যটক ও আন্তর্জাতিক পর্যটন ব্যবসায়ীদের কাছে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের পর্যটনশিল্পের যোগাযোগ আরও জোরদার করা হবে।
বিটিটিএফ ২০২৬ আয়োজনে সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।