https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে সোমবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৯৭ জন। সব মিলিয়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ৪৬৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৪৯ জন, সিলেটে ১৫৫, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ১৯ হাজার ৭৫৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।