ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

গ্রামীণ কল্যাণকে ৬০০ কোটির বেশি টাকা পরিশোধ করতে হবে, রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
গ্রামীণ কল্যাণকে ৬০০ কোটির বেশি টাকা পরিশোধ করতে হবে, রিট খারিজ

ছবি: -সংগৃহীত

পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬৬৬ কোটি টাকা কর দাবি ঘিরে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে প্রতিষ্ঠানটিকে সরকারের রাজস্ব হিসেবে প্রায় ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে এ রায় দেন। গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবদুস সামাদ আজাদ জানান, পাঁচ করবর্ষে গ্রামীণ কল্যাণের কাছে প্রায় ৬৬৬ কোটি টাকা কর অনাদায়ি ছিল। কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট করেছিল। আদালত রিটগুলোর চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করেছেন।

তিনি বলেন, রায়ের পর কর বিভাগ ৩০ দিন সময় দিয়ে গ্রামীণ কল্যাণকে দাবি পরিশোধের জন্য নোটিশ দেবে।

তবে গ্রামীণ কল্যাণের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে আপিল করা হবে।

মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পুনর্মূল্যায়নের পর কর দাবির বিরুদ্ধে ২০১৭ সালে পৃথক দুটি রিট করে গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।

পরবর্তী সময়ে মামলাটি আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। ২০২৪ সালের ১১ মার্চ আপিল বিভাগ মূল বিষয়বস্তুর ওপর হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেন। এরপর গত বছরের ৪ আগস্ট হাইকোর্ট রিট দুটি খারিজ করলেও পরে ওই আদেশ প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বর্তমান বেঞ্চে পাঠানোর পর পুনঃশুনানি শেষে বৃহস্পতিবার রিট দুটি খারিজ করে দেওয়া হলো।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930