ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

মাদক ঠেকাতে বন্দরে স্ক্যানার, বাড়ছে আধুনিক সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
মাদক ঠেকাতে বন্দরে স্ক্যানার, বাড়ছে আধুনিক সরঞ্জাম

ছবি: -সংগৃহীত

মাদক চোরাচালান বন্ধে দেশের বিমানবন্দর, মোংলা নৌবন্দর ও বাস টার্মিনালে স্ক্যানার ও এক্স-রে মেশিন স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করতে জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে সার্কেল স্থাপনের জন্য সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের কাজ চলছে। পাশাপাশি জেলা পর্যায়ে অফিস ভবন নির্মাণের কার্যক্রমও প্রক্রিয়াধীন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাদকবিরোধী অভিযান জোরদারে অতিরিক্ত যানবাহন, বডি ক্যামেরা ও আধুনিক সরঞ্জাম কেনা হবে। সারাদেশে রাসায়নিক পরীক্ষাগার স্থাপনের কাজও দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধে মানিলন্ডারিংবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি ডগ স্কোয়াড, ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার নিরাপত্তা ইউনিটের সক্ষমতা কাজে লাগানো হবে।

আগামী পাঁচ বছরের পরিকল্পনার আওতায় দেশের সব বিমানবন্দর, মোংলা নৌবন্দর এবং বাস টার্মিনালে স্ক্যানার ও এক্স-রে মেশিন বসানো হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মাদক ও অস্ত্রের চোরাচালান শনাক্ত ও প্রতিরোধের সক্ষমতা বাড়ানো হবে বলে জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়নের ফলে সীমান্তবর্তী মেহেরপুর-১ আসনসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক চোরাচালান মোকাবিলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল, যানবাহন ও আধুনিক সরঞ্জাম প্রয়োজন অনুযায়ী বাড়ানো হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930