https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আগামী নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন তিনি।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ওই নির্বাচনের মাধ্যমে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না, তা নির্ধারিত হবে।
ট্রাম্পের দাবি, নভেম্বরের নির্বাচনের পর যুদ্ধ শেষ হবে, কারণ ইরান আর বেশিদিন এই সংঘাত চালিয়ে যেতে পারবে না। এর আগে যুদ্ধ অবসানের জন্য একাধিক সময়সীমা ঘোষণা করলেও সেগুলো বাস্তবায়িত হয়নি।
তবে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পকে সতর্ক করেছেন, যুদ্ধ তার প্রেসিডেন্ট মেয়াদের শেষ পর্যন্তও গড়াতে পারে।
এদিকে ইরানের ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ওই এলাকায় সামান্য তৎপরতা দেখা যাচ্ছে বলেও দাবি করে ইরানকে সতর্ক করেছেন তিনি।
অন্যদিকে ইরান জানিয়েছে, বুধবার হরমুজ প্রণালীর কাছে তারা ১০টি জাহাজে হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেওয়ার দাবি করেছে। পাল্টাপাল্টি হামলায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল আরও ব্যাহত হয়েছে।
এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। একই সময়ে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতও তীব্র হয়েছে।