https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নয়াদিল্লির পালাম বিমানঘাঁটিতে পৌঁছালে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং তাকে স্বাগত জানান।
ভারতের ২০২৬ সালের সভাপতিত্বে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এবারের ব্রিকস সম্মেলন। এতে সদস্য দেশগুলোর নেতারা বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে আলোচনা করবেন।
পুতিনের সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি ও পারমাণবিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, দ্বিপক্ষীয় এজেন্ডার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতাও বৈঠকে গুরুত্ব পাবে।
প্রতিরক্ষা খাতে রাশিয়ার সু-৫৭ যুদ্ধবিমান, প্রযুক্তি হস্তান্তর, এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মোসসহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মস্কোর আগ্রহ রয়েছে।
দুই দেশের বাণিজ্যে রুশ তেল গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় জ্বালানি ও জাতীয় মুদ্রায় লেনদেনের বিষয়টিও আলোচনায় থাকতে পারে। ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার মধ্যে সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার সংঘাত, জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এসব সংকটের প্রভাব নিয়ে মতবিনিময় হতে পারে।
পুতিনের সফরকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সম্মেলনে যোগ দেবেন। ফলে মোদি-শি বৈঠকও সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হতে পারে।