ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

৮৪ বছরে অমিতাভের একটাই আক্ষেপ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
৮৪ বছরে অমিতাভের একটাই আক্ষেপ

ছবি: -সংগৃহীত

প্রায় ছয় দশকের দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সাফল্য অর্জন করেছেন অমিতাভ বচ্চন। তবে ৮৪ বছর বয়সে এসে জীবনের একটি অপূর্ণতার কথা জানালেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা। কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখতে না পারাকেই নিজের বড় আক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সেটে প্রতিযোগী কৃতজ্ঞের সঙ্গে আলাপকালে নিজের এই ইচ্ছার কথা জানান অমিতাভ। তাকে প্রশ্ন করা হয়েছিল, জীবনের কোনো পুরোনো দিনে ফিরে যেতে চান, নাকি এমন কোনো নতুন দিনের অভিজ্ঞতা নিতে চান, যা আগে কখনো পাননি। অমিতাভ বেছে নেন দ্বিতীয়টি।

অভিনেতা বলেন, তিনি এমন একটি দিনের অভিজ্ঞতা নিতে চান, যেদিন শেষ পর্যন্ত কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখবেন। সংগীতের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়ে অমিতাভ বলেন, গায়ক ও বাদ্যযন্ত্রশিল্পীদের পরিবেশনা শুনলে তার মনে হয়, কেন তিনি কখনো সংগীত শেখার সুযোগ করে নিলেন না।

মজার বিষয় হলো, বাড়িতে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সংগ্রহ করে রেখেছেন অমিতাভ। এমনকি সেগুলো ফুল ও মালা দিয়ে সাজিয়ে রাখেন বলেও জানান তিনি। তার আশা, কোনো একদিন হয়তো সেগুলো বাজানো শিখবেন।

তবে বাদ্যযন্ত্র বাজাতে না শিখলেও সংগীতের সঙ্গে অমিতাভের সম্পর্ক বেশ পুরোনো। ১৯৭৯ সালে ‘মি. নটবরলাল’ সিনেমার ‘মেরে পাস আও মেরে দোস্তো’ গান দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পরে ‘সিলসিলা’র ‘রং বরসে’, ‘অমর আকবর অ্যান্থনি’র ‘মাই নেম ইজ অ্যান্থনি গনসালভেস’, ‘লাওয়ারিশ’-এর ‘মেরে অঙ্গনে মে’সহ বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন।

পরবর্তী সময়েও ‘কাভি নেহি’, ‘হোরি খেলে রঘুবীরা’, ‘একলা চলো রে’ ও ‘বাডুম্বা’র মতো গানে তার কণ্ঠ শ্রোতাদের প্রশংসা পেয়েছে। বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করছেন বর্ষীয়ান এই অভিনেতা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930