বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুই দফায় আমন্ত্রণ জানানো হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জয়সওয়াল জানান, তারেক রহমানকে প্রথমে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়। পরে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে তাকে আলাদা আমন্ত্রণ দেওয়া হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ভারত সফর সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, সফরের বিষয়ে তারা এখনো নতুন কোনো তথ্য পাননি। এ বিষয়ে কোনো হালনাগাদ তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে তিনি সম্মেলনে অংশ নেননি।
এর আগে ১০ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি; আমন্ত্রণটি দেওয়া হয়েছিল বিমসটেকের চেয়ারম্যান হিসেবে। তিনি আরও জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে।
এদিকে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক নানা বিষয়কে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতীয় পক্ষের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে।

মন্তব্য করুন