ইয়েমেনের মারিব প্রদেশের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এ দাবির পর যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষের একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি।

বুধবার প্রকাশিত ভিডিওতে আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলার দৃশ্য দেখা যায়। পরে পাহাড়ের পাদদেশে বড় ধরনের আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওর শেষ অংশে হুথি যোদ্ধাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধ্বংসাবশেষের লেজের অংশে সৌদি আরবের পতাকাও দেখা গেছে।

তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে দাবি করেন, মারিবের আকাশসীমায় অভিযান চালানোর সময় সৌদি এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, স্থানীয়ভাবে তৈরি সারফেস-টু-এয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমাঞ্চলের হেলান পাহাড়ের কাছে যুদ্ধবিমানটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে হুথিরা।

হুথিদের আনসারুল্লাহ নামেও পরিচিত করা হয়। গোষ্ঠীটির অধিকাংশ সদস্য জায়েদি শিয়া মুসলিম এবং তারা ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।