দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এতে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি ঢাকাসহ পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে তা প্রশমিত হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। রোববার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবারও দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।