হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাহাজটির কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে এই হামলার ঘটনা ঘটে। ফক্স নিউজকে বিষয়টি নিশ্চিত করে দুটি সূত্র জানিয়েছে, হামলায় চারটি ইরানি ড্রোন ও অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে আঘাত হানে।

হামলায় জাহাজের কয়েকজন কর্মী সামান্য শারীরিক আঘাত পান এবং ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভোগেন। আহতদের বর্তমানে উপসাগরীয় অঞ্চলের একটি অজ্ঞাত দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় জাহাজটিতে কয়েকজন মার্কিন কর্মীও ছিলেন বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডও বিষয়টি সেন্টকমের কাছে পাঠিয়েছে।

এদিকে হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে হামলার উদ্দেশ্য ও ঘটনার বিস্তারিত পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।