মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশের জন্য ভালো অর্জন করা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশের সব মুসলমানের অর্জন। দেশের সন্তানরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সরকার রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।
তিনি বলেন, মেধাবীদের উৎসাহিত করা এবং তাদের যথাযথ মূল্যায়ন করা হলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ পাবে। এ লক্ষ্যেই সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে হাফেজদের শিক্ষকেরা বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও প্রয়োজনীয় সরকারি সহযোগিতা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক—সরকার সেটিই চায়।
দেশে শান্তি প্রতিষ্ঠা ও ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার কাজের ধরন ভিন্ন হতে পারে, তবে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণ নিশ্চিত করাই অভিন্ন লক্ষ্য।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের বই উপহার দেন এবং প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া সূরার আয়াত তাদের কণ্ঠে শোনেন।
সৌদি আরবের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। একই বিভাগে ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াতে হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী দ্বিতীয় এবং হাফেজা রাবেতা বিনতে রমজান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ যথাক্রমে ১৫ পারা ও ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিজয়ী হাফেজদের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন