ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা। অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
এএফপিকে দেওয়া এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ পাবে।
তবে অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধিদলের ওপর অতিরিক্ত কিছু বিধিনিষেধ থাকবে। সীমিতসংখ্যক প্রতিনিধিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কঠোর ভ্রমণ বিধিনিষেধ এবং বিলাসবহুল পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত এবং দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেছিলেন। তবে মার্কিন প্রশাসন তাকে ভিসা দেয়নি। জাতিসংঘ জানিয়েছে, আব্বাস নিজে উপস্থিত হতে না পারলে তার পাঠানো ভিডিও বক্তব্য অধিবেশনে প্রচার করা হবে।




মন্তব্য করুন