আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করে নতুন কীর্তি গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। এ পথে তিনি পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে।
মঙ্গলবার এই মাইলফলক স্পর্শ করেন রুট। ২৩ হাজার রানে পৌঁছাতে তার প্রয়োজন ছিল মাত্র ৩ রান। কব্জির মোচড়ে ফ্লিক করে বল সীমানাছাড়া করেই কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান তিনি।
রুট ৫২১তম আন্তর্জাতিক ইনিংসে ২৩ হাজার রান পূর্ণ করেছেন। এর আগে শচীন টেন্ডুলকার ৫২২ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন। তবে এই তালিকায় সবার ওপরে রয়েছেন ভারতের বিরাট কোহলি। তিনি মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন।
২৩ হাজার আন্তর্জাতিক রানের ক্লাবে জায়গা করে নেওয়া রুট অষ্টম ব্যাটার এবং প্রথম ইংলিশ ক্রিকেটার। এই তালিকায় আরও আছেন কোহলি, শচীন, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস।
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটেও একাধিক রেকর্ডে শচীনকে পেছনে ফেলেছেন রুট। টেস্টে সর্বোচ্চ হাফ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেওয়ার পর এবার তার লক্ষ্য শচীনের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড।
শচীনের ১৫ হাজার ৯২১ টেস্ট রানের বিপরীতে রুটের সংগ্রহ ১৪ হাজার ২৭৮ রান। অর্থাৎ ভারতীয় কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে আরও ১ হাজার ৬৪৩ রান প্রয়োজন রুটের।
এ ছাড়া শচীনের ২০০ টেস্ট খেলার রেকর্ড ছুঁতে রুটকে আরও ৩১টি টেস্ট খেলতে হবে।

মন্তব্য করুন