শান্তিপূর্ণ ও বেসামরিক কাজে পরিচালিত পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক বিজ্ঞান থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, পারমাণবিক জ্ঞান ও প্রযুক্তির ওপর কয়েকটি দেশের একচেটিয়া অধিকার ইরান মেনে নেয় না। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করা ইরানের অধিকার বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, নিজস্ব জলসীমায় নৌ চলাচল নিয়ন্ত্রণের অধিকারও কোনো পক্ষের হাতে ছেড়ে দেবে না তেহরান।

জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রসঙ্গও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি নিরস্ত্র মানুষের ওপর মার্কিন হামলার অভিযোগ করেন এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গও উল্লেখ করেন।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সামরিক পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক। পেজেশকিয়ানের ভাষ্য, ইরান আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগ করলে সেটিকে যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসবাদ’ ও ‘আঞ্চলিক অনিরাপত্তা’ হিসেবে তুলে ধরে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শন নিয়েও প্রশ্ন তোলেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ থাকলেও সেখানে একই ধরনের পরিদর্শন হয়নি, অথচ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে পেজেশকিয়ান সেটিকে ‘আধিপত্যবাদী আচরণ’ ও ‘দম্ভের’ প্রকাশ বলে মন্তব্য করেন।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের হুমকি ইরানের জনগণকে আরও ঐক্যবদ্ধ করবে এবং এ ধরনের অবস্থানের জন্য যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে অনুতপ্ত হতে হবে।