ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে ২৮টি দেশের অংশগ্রহণে ৬৬টি প্রকল্পের একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ এই পরিকল্পনা বাস্তবায়নে প্রথম ছয় মাসে প্রায় ২৪৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করেছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের পর গাজার পুনর্গঠনে মোট প্রায় ৭১ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। এর মধ্যে শুধু অবকাঠামোগত ক্ষতি পূরণেই ৩৫ বিলিয়ন ডলারের বেশি প্রয়োজন।

পরিকল্পনায় অস্থায়ী আবাসন নির্মাণ, ধ্বংসস্তূপ অপসারণ, হাসপাতাল সংস্কার, অর্থনৈতিক কার্যক্রম পুনরুদ্ধার এবং বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের সম্ভাব্য ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রায় এক বছর ধরে ২৮টি সদস্য দেশের প্রতিনিধি ও ফিলিস্তিনি সরকারের কর্মকর্তারা পরিকল্পনাটি তৈরিতে কাজ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা রয়েছে। এর জন্য ইসরায়েল ও হামাস—উভয় পক্ষের সহযোগিতা প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল পরিকল্পনার কিছু বিষয়ে নীতিগত সম্মতি দিলেও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাস্তবায়ন দ্রুত শুরু করতে অনাগ্রহী।

অন্যদিকে, হামাস নীতিগতভাবে নিরস্ত্রীকরণে সম্মতির কথা জানিয়েছে। তবে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর আগে ১৪ দিনের যুদ্ধবিরতির বিষয়ে দুই পক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি।