চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে স্ত্রী ও চীনের ফার্স্ট লেডি পেং লি ইউয়ানকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে অবতরণ করেন তিনি।

বিমানঘাঁটিতে শি জিনপিং ও পেং লি ইউয়ানকে স্বাগত জানান ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ সময় তাদের সম্মানে গার্ড অব অনার, সামরিক ব্যান্ডের মাধ্যমে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন, ২১ বার তোপধ্বনি এবং যুদ্ধবিমান প্রদর্শনের আয়োজন করা হয়।

ট্রাম্প শি জিনপিংকে স্বাগত জানিয়ে বলেন, এই সফর বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যদিকে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই মহান দেশ এবং দুই দেশের জনগণের স্বার্থ গভীরভাবে জড়িত। তার মতে, দুই দেশের অংশীদার হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়।

শি আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত সহযোগিতাকে প্রধান ভিত্তি করে, প্রতিযোগিতা সংযত রেখে এবং মতপার্থক্য নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা।

তিনি জানান, ট্রাম্পের সঙ্গে দুই দেশের সম্পর্ক ও বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর আলোচনা করার পাশাপাশি বাণিজ্য, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময়ের প্রত্যাশা করছেন।

শি জিনপিং আশা প্রকাশ করেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় তার সফর ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হবে।