চট্টগ্রামের বাঁশখালীতে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. রাশেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব জলদি এলাকার নুরুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে জমিলা আক্তার ও তার শাশুড়ি হোসেনে আরার মধ্যে ঝগড়া শুরু হয়। পাশের বাড়ির রাশেদ ঝগড়া থামাতে এগিয়ে গেলে একপর্যায়ে জমিলা আক্তার ভারী লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন।

গুরুতর আহত রাশেদকে স্থানীয়রা প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে রাশেদ মাথায় লাঠির আঘাতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সরাসরি জড়িত জমিলা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পূর্ব জলদি এলাকার মো. আব্দুল্লাহর স্ত্রী।