বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। নতুন ১১টি উড়োজাহাজের মধ্যে ৫টি বোয়িং ৭৮৭-১০ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮ রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী নতুন উড়োজাহাজগুলো বিমানের বহর আধুনিকায়ন, পরিচালন সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক রুটে নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়তা করবে। বিদ্যমান বোয়িং উড়োজাহাজের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রেও নতুন বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে আরও ১৪টি উড়োজাহাজ কেনার জন্য বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে নতুন চুক্তিসহ বোয়িং থেকে মোট ২৫টি উড়োজাহাজ সংগ্রহের চুক্তি হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আন্তর্জাতিক যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদে জাতীয় বিমান পরিবহন সক্ষমতা বাড়াতে আধুনিক ও বাণিজ্যিকভাবে টেকসই বহর গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এসব উড়োজাহাজ সংগ্রহ করা হচ্ছে।