ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার বিষয়ে তেহরানের আগ্রহের খবরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। এর আগে বুধবার অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দাম ৫৯ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৯১ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান মার্কিন চাপের কাছে আত্মসমর্পণ করবে না। তবে পরে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, যুদ্ধ বন্ধের উপায় নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ডিজেল রফতানি নিয়ন্ত্রণ নিয়েও বাজারে আলোচনা চলছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ৯০ দিনের জন্য ডিজেল রফতানি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর আল্ট্রা-লো-সালফার ডিজেল ফিউচার্সের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। তবে হোয়াইট হাউস এ খবর অস্বীকার করেছে।

অন্যদিকে ব্লুমবার্গ জানিয়েছে, জ্বালানি সচিব ক্রিস রাইট মঙ্গলবার তেলশিল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে সম্ভাব্য মার্কিন ডিজেল রফতানি নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।