বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে দুই পৃথক চুক্তির মাধ্যমে মোট ২৫টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হচ্ছে। এর মধ্যে গত ৩০ এপ্রিল ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তির পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে আরও ১১টি বোয়িং কেনার চুক্তি হয়েছে।

প্রথম চুক্তির আওতায় ৮টি বোয়িং ৭৮৭-১০, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স কেনার কথা রয়েছে। এসব উড়োজাহাজের আনুমানিক মূল্য ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের নভেম্বরের মধ্যে এবং বাকি উড়োজাহাজগুলো ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে সরবরাহের কথা রয়েছে।

নতুন ১১টি বোয়িং কেনার চুক্তি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে স্বাক্ষরিত হয়। বিমানের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন চুক্তির মাধ্যমে বহর আধুনিকায়ন, পরিচালন সক্ষমতা ও নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাবে। একই সঙ্গে বিদ্যমান বোয়িং বহরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে পরিচালন দক্ষতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

তবে নতুন ১১টি উড়োজাহাজ কবে সরবরাহ করা হবে এবং চুক্তিটির মোট আর্থিক মূল্য কত—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিমান।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১১টি বোয়িং এবং ৮টি ড্যাশ-৮। নতুন ২৫টি উড়োজাহাজ যুক্ত হলে বিমানের নিজস্ব বোয়িং বহরের সংখ্যা দাঁড়াবে ৩৬টি।