জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে যে অভিযান চলছে, তাকে স্পেন নিঃশর্তভাবে নিন্দা জানায়।
জাতিসংঘে দেওয়া ভাষণে সানচেজ বলেন, গত আট বছর ধরে ইউক্রেন, লেবানন ও ইরানসহ বিভিন্ন অঞ্চলে সংঘাতের ক্ষেত্রে স্পেন সব ধরনের আগ্রাসী যুদ্ধের বিরোধিতা করে আসছে। জাতিসংঘ সনদের পরিপন্থি যেকোনো আগ্রাসন ঠেকাতে তার দেশ সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
সানচেজ বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে স্পেনের অবস্থান স্পষ্ট। এ কারণে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে মাদ্রিদ। একইভাবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথাও উল্লেখ করেন তিনি।
স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো সামরিক আগ্রাসনে স্পেনের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তার মতে, সংঘাতের পরিবর্তে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে সমস্যার সমাধান করা প্রয়োজন।
গাজা প্রসঙ্গে সানচেজ বলেন, সেখানে নেতানিয়াহু সরকারের সামরিক অভিযান নিয়ে স্পেনের অবস্থান স্পষ্ট। গাজায় যে কর্মকাণ্ডকে তিনি ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছেন, তার নিঃশর্ত ও দ্ব্যর্থহীন নিন্দা জানায় স্পেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এই বক্তব্যে গাজা যুদ্ধ, আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন সংঘাতে স্পেনের পররাষ্ট্রনীতির অবস্থান তুলে ধরেন সানচেজ।
গাজায় ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও সমালোচনা চলছে। একই সঙ্গে ইসরায়েল নিজেদের সামরিক কর্মকাণ্ডকে নিরাপত্তা ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান হিসেবে তুলে ধরে আসছে।

মন্তব্য করুন