ভারতের খুচরা শেয়ার ব্রোকারেজ ও আর্থিক সেবা প্রতিষ্ঠান অ্যাঞ্জেল ওয়ানের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীনেশ ঠক্কর মুম্বাইয়ের জুহু এলাকায় প্রায় ৭১১ কোটি রুপিতে একটি পুরো বিলাসবহুল আবাসিক টাওয়ার কিনেছেন।
ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, জুহু তারা রোডের অ্যামবেসি টেরাজ্জায় অবস্থিত আটতলা এই টাওয়ারটির রেরা কার্পেট এরিয়া প্রায় ৬৩ হাজার বর্গফুট। প্রতি বর্গফুটের দাম পড়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার রুপি।
অ্যামবেসি ডেভেলপমেন্টসের দাবি, একক আবাসিক সম্পত্তি কেনার ক্ষেত্রে এটি ভারতের সবচেয়ে বড় চুক্তি। টাওয়ারটি দুই একরের বেশি জমির ওপর নির্মিত পাঁচটি টাওয়ারের সমন্বিত প্রকল্পের অংশ।
অ্যামবেসি ডেভেলপমেন্টস জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা, বড় পরিসর এবং সমুদ্রের দৃশ্যের কারণে দীনেশ ঠক্কর এই সম্পত্তি কিনেছেন। তিনি এটিকে পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আবাস এবং ব্যক্তিগত বিলাসবহুল আশ্রয় হিসেবে দেখছেন।
মুম্বাইয়ের মুলুন্দে একটি বস্ত্র ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া দীনেশ ঠক্কর দ্বাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে শেয়ারবাজারে যুক্ত হন। ১৯৯৬ সালে অ্যাঞ্জেল ওয়ান প্রতিষ্ঠা করেন তিনি। প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নেয় এবং ২০২০ সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।
ব্যক্তিগত জীবনে ফিটনেস, ওয়েট ট্রেনিং ও বিলাসবহুল গাড়ির প্রতি তার আগ্রহ রয়েছে। তার গাড়ির সংগ্রহে ল্যাম্বরগিনি হুরাকান পারফর্মেন্তে, ফেরারি ৪৮৮ পিস্তা এবং পোরশে জিটি৩ আরএসের মতো গাড়ি রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন