জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বৈঠকে শিশুদের জন্য শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয় নিশ্চিতের আহ্বান
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনি শিশুদের দুর্দশা নিয়ে আয়োজিত এক বৈঠকে এক মিনিট নীরবতা পালন করেন ইউরোপীয় ও আরব প্রতিনিধিরা। তবে বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট বলেন, শিশুদের দুর্দশার জবাবে শুধু নীরব থাকা যথেষ্ট নয়।
জর্ডান ও ‘সেভ দ্য চিলড্রেন’-এর সহযোগিতায় বেলজিয়ামের প্রতিনিধিদল বৈঠকটির আয়োজন করে। প্রেভোট বলেন, আন্তর্জাতিক মনোযোগ অন্যদিকে সরে গেলেও ফিলিস্তিনি শিশুদের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রাখতে হবে।
তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরের শিশুদের কাছে সবচেয়ে জরুরি বিষয় হলো—তারা স্কুলে যেতে পারবে কি না, চিকিৎসা পাবে কি না, পরিবারের থাকার জায়গা থাকবে কি না এবং রাতে নিরাপদে থাকতে পারবে কি না। এসব মৌলিক বিষয় নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলেও জানান তিনি।
বৈঠকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, গাজার শিশুরা দীর্ঘদিন ধরে চরম বঞ্চনার মধ্যে রয়েছে। পশ্চিম তীরেও তারা বসতি স্থাপনকারীদের সহিংসতা ও সামরিক অভিযানের মুখোমুখি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সাফাদি আরও বলেন, গাজায় শীত ও বৃষ্টির মৌসুম সামনে থাকায় শিশুদের জন্য জরুরি সহায়তা প্রয়োজন। তাঁর অভিযোগ, মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে জর্ডানে সংরক্ষিত কিছু ত্রাণসামগ্রীর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
বেলজিয়াম এর আগে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি দিয়েছে এবং ফিলিস্তিনিদের শিক্ষা ও প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করেছে।
তথ্যসূত্র : আরব নিউজ

মন্তব্য করুন