https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১–০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে আলজেরিয়া। বৃহস্পতিবার রটারডামে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয় উত্তর আফ্রিকার দলটি।
বিশ্বকাপজয়ী দল নির্ধারণে পরিচিত জার্মান অর্থনীতিবিদ ইয়াকিম ক্লেমেন্টের পরিসংখ্যানভিত্তিক মডেল এবার নেদারল্যান্ডসকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখিয়েছে। তবে সেই পূর্বাভাসের মাঝেই প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ পেল ডাচরা।
ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। একাধিক সুযোগও তৈরি করে তারা। কিন্তু গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। অন্যদিকে ৮৬তম মিনিটে হাজ মুসার দুর্দান্ত বাঁ পায়ের শটে একমাত্র গোলটি করে আলজেরিয়াকে জয় এনে দেন।
আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল হাজ মুসার প্রথম গোল। তাঁর এই গোলেই বিশ্বকাপের আগে ঘরের মাঠে হতাশাজনক বিদায় নিতে হলো নেদারল্যান্ডসকে। বিশ্বকাপে অংশ নিতে আজ নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা ডাচ দলের।
আলজেরিয়ার জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক লুকা জিদান। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে একের পর এক সেভ করে ডাচদের হতাশ করেন। বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদা সিএফে খেলা ২৮ বছর বয়সী এই গোলরক্ষক বিশ্বকাপের মূল একাদশে জায়গা পাওয়ার দাবিকে আরও শক্তিশালী করেছেন।
বিশ্বকাপে নেদারল্যান্ডস ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এরপর ২০ জুন সুইডেন এবং ২৬ জুন তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা।
অন্যদিকে আলজেরিয়া ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। এরপর ২৩ জুন জর্ডান এবং ২৮ জুন অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে দলটি।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।