টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রধান সড়কগুলোতে কোমরসমান পানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। পরিস্থিতি বিবেচনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকককে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন গভর্নর চাদচার্ট সিত্তিপান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন সড়কে গাড়ি আংশিকভাবে পানিতে ডুবে গেছে। এর মধ্যে সপ্তাহান্তে আরও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে থাইল্যান্ডের আবহাওয়া সংস্থা।
গভর্নর চাদচার্ট সিত্তিপান জানিয়েছেন, বন্যা মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পদের জন্য ঝুঁকি তৈরি করেছে। খালের আশপাশের এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতির দিকে।
দুর্গতদের সহায়তায় আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী রান্নাঘর স্থাপনের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। ব্যাংকক মহানগর প্রশাসনও বিভিন্ন স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করেছে। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
খালের কাছাকাছি বসবাসকারীদের মালামাল নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়ার জন্য জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বন্যার আশঙ্কায় খাবারসহ প্রয়োজনীয় পণ্য কিনতে সুপারমার্কেটগুলোতেও ভিড় করছেন বাসিন্দারা।
তবে বন্যার মধ্যেও ব্যাংককের প্রধান সুবর্ণভূমি বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাতায়াতের জন্য স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় বহু মানুষের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

মন্তব্য করুন