কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে দল-মত-পথের ঊর্ধ্বে উঠে জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় কৃষক সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, কৃষকরাই দেশের অর্থনীতি ও খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান শক্তি। কৃষকদের সম্মান ও উৎসাহিত করতে কৃষিক্ষেত্রে উদ্ভাবন ও অসামান্য অবদানের জন্য ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে।
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বিপণনব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, উৎপাদক থেকে ভোক্তার কাছে কৃষিপণ্য সহজে পৌঁছানো এবং কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে বিপণনব্যবস্থায় কার্যকর সংস্কার প্রয়োজন।
রাষ্ট্রপতি জানান, কৃষকদের উন্নয়নে সরকার নতুন একটি স্কিম চালু করেছে, যার আওতায় ইতোমধ্যে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সহজ শর্তে কম সুদে কৃষিঋণ দেওয়ার বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
সাক্ষাৎকালে কৃষক সমিতির পক্ষ থেকে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, বিনা সুদে ঋণ, কৃষক দিবস পালন, জাতীয় কৃষক পুরস্কার, শস্যবীমা চালু এবং জেলা-উপজেলার আইনশৃঙ্খলা কমিটিতে কৃষকদের প্রতিনিধিত্বসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি কৃষিপ্রক্রিয়াজাত শিল্প, আধুনিক হিমাগার এবং খামারে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
এ সময় এনজিও ঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি।



মন্তব্য করুন