সংবিধানে মৌলিক কোনো পরিবর্তন আনা হলে তা গণভোটের মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে বিশেষ কমিটির বৈঠকে এ বিষয়টি জানানো হয়। প্রায় দুই ঘণ্টার বৈঠকে সংবিধান সংস্কারসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি সাংবাদিকদের বলেন, সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হলে গণভোটের মাধ্যমে তা চূড়ান্ত করার কথা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সরকারি নিয়োগে নিরপেক্ষতা এবং বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়েও আলোচনা হয়।
এর আগে জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান-সম্পর্কিত ছিল। এসব সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে। পরে সংস্কার প্রস্তাবের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়।
গত ১৩ জুলাই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হয়।



মন্তব্য করুন