রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে পড়ে খাদিজা আক্তার নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা দুলাল হোসেন জানান, সকালে খাদিজার মা কাজে ব্যস্ত থাকার সময় অসাবধানতাবশত শিশুটি দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুলাল হোসেন পেশায় পরিচ্ছন্নতাকর্মী। তাদের গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি এলাকায়। বর্তমানে তারা বনানীর সাততলা বস্তিতে বসবাস করছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



মন্তব্য করুন