ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংস্কার শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকেই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার সন্ধ্যায় স্বাস্থ্যকেন্দ্রটির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রায় ৫০ বছর ধরে এলাকার শিশু, প্রসূতি মা ও দরিদ্র মানুষের সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটির কার্যক্রম কোনোভাবেই বন্ধ রাখা হবে না।

আমিনুল হক বলেন, এত বড় ধ্বংসযজ্ঞ দেখে আমি অত্যন্ত মর্মাহত। আগামীকাল থেকেই সংস্কারের কাজ শুরু হবে। স্বাস্থ্যসেবা যাতে একদিনের জন্যও ব্যাহত না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, শিশুদের টিকাদানসহ কেন্দ্রটির অন্যান্য স্বাস্থ্যসেবা দ্রুত স্বাভাবিক করা হবে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ভাঙচুরের ঘটনায় পুলিশের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ব্যক্তির নাম সামনে এসেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও কারা এর পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কারও বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো পক্ষের আইনগত দাবি থাকলে তা আদালত ও প্রচলিত আইন অনুযায়ী উত্থাপন করতে হবে। রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্র ভেঙে ফেলার অধিকার কারও নেই।

প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত সংস্কার করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা হবে।