চীনের দুই জায়ান্ট পান্ডা ফিং ফিং ও ফু শুয়াংকে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। রবিবার দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয় পান্ডা দুটি। এর মধ্য দিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে ১০ বছরের জায়ান্ট পান্ডা সংরক্ষণ সহযোগিতা শুরু হচ্ছে।

২০২০ সালের ১৭ মার্চ জন্ম নেওয়া পুরুষ পান্ডা ফিং ফিংয়ের চোখের চারপাশের বড় কালো দাগ সহজেই নজর কাড়ে। গাছে চড়তে দক্ষ এই পান্ডাটি প্রায়ই গাছের ডালে বিশ্রাম নেয়। অন্যদিকে, ২০২০ সালের ১৮ অক্টোবর জন্ম নেওয়া নারী পান্ডা ফু শুয়াংয়ের মাথায় ছোট্ট একগুচ্ছ লোম ও গোলগাল চেহারা রয়েছে। খাবার সংগ্রহেও এটি বেশ দক্ষ।

পান্ডা দুটি সিছুয়ানের ছেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং থেকে এসেছে। আটলান্টা চিড়িয়াখানার সঙ্গে চীনের পান্ডা সংরক্ষণ সহযোগিতার ইতিহাস ২৫ বছরের। ১৯৯৯ সালে লুন লুন ও ইয়াং ইয়াংকে যুক্তরাষ্ট্রে পাঠানোর মধ্য দিয়ে এই সহযোগিতা শুরু হয়। আগের সহযোগিতায় সাতটি শাবকের জন্ম হয়েছিল।

নিরাপদ যাত্রার জন্য পান্ডা দুটির সঙ্গে বাঁশ, কচি বাঁশ, আপেল ও প্রয়োজনীয় ওষুধ রাখা হয়েছে। বিমানে তাদের সঙ্গে চিকিৎসক ও পরিচর্যাকারীরাও রয়েছেন।

আটলান্টায় পৌঁছানোর পর কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর চীনা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে পান্ডা দুটি।